বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সাংবাদিকরা গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। তারা স্বাধীনভাবে কাজ করবে। তবে সাংবাদিকদের কলমের খোঁচায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়। সেদিকেও দায়িত্বশীল থাকতে হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কাজ ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, সাংবাদিকরা তা লিখবেন। তবে একই সঙ্গে সাংবাদিকদের মাথায় রাখতে হবে, তাদের একটি লেখার কারণে যেন কারও জীবন, ক্যারিয়ার বা মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়। এটি সাংবাদিকদের নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, কোনো ঘটনার বিষয়ে অসত্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা উচিত নয়। একটি ভুল বা অসত্য সংবাদে যেন কারও সম্মানহানি না ঘটে। আবার সংবাদ প্রকাশের মাধ্যমে কাউকে অযথা অতিরিক্ত প্রশংসা বা তোষামোদও করা উচিত নয়। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতাই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখবে।
তিনি আরও বলেন, এসব কারণে সংবাদমাধ্যমের মান কমে যায়। মানুষ কোনো সংবাদ দেখে যেন ‘ফেক নিউজ’ বলে মনে না করে। কারণ সাধারণ মানুষ এখনও সংবাদমাধ্যমকে গুরুত্ব ও অগ্রাধিকার দেয়। সেই আস্থা ধরে রাখার দায়িত্ব সাংবাদিকদেরই।
মন্ত্রী বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকলেও ভোলার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। তবে ভোলার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভালো কোনো উদ্যোগকে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি বলেন, একা কোনো কিছু করা সম্ভব নয়। ভোলার উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার পরামর্শ ও সহযোগিতায় নিয়ে সমন্বিতভাবে কাজ করতে পারলে ভোলাকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, দৈনিক আজকের ভোলার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, এম এ তাহের, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাসির লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে




