রাঙামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাসহ নয়জনকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাইনীমুখ বাজার থেকে তাদের আটক করা হয়।
লংগদু থানার উপপরিদর্শক (এসআই) মো. রব্বানী জানান, আটক নয়জনের মধ্যে দুই নারীসহ পাঁচজন প্রাথমিকভাবে নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দিয়েছেন। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন বলে জানিয়েছেন। বাকি চারজন নিজেদের বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মাইনীমুখ বাজারে অভিযান চালিয়ে নয়জনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের লংগদু থানায় হস্তান্তর করা হয়।
এসআই মো. রব্বানী বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আটক নয়জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে পাঁচজন প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছেন যে তারা রোহিঙ্গা। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন। বাকি চারজন প্রাথমিকভাবে জানিয়েছেন, তারা বাঙালি বাংলাদেশি।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের সবার ঠিকানা যাচাইয়ের চেষ্টা করছি। তাদের কাছে কোনো কাগজপত্র বা মোবাইল ফোন পাওয়া যায়নি। তারা কীভাবে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি সব দিক থেকে তদন্ত করা হচ্ছে।’
প্রতিনিধি/এসএস




