চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় দেবরাজ বণিক (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা আশিশ বণিক আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবরাজ উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর দেওয়ানপুর বণিকপাড়া এলাকার আশিশ বণিকের ছেলে। তিনি ফেনী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্বজনেরা জানান, দোকান বন্ধ করে বাবাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন দেবরাজ। চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দেবরাজ ও তার বাবা সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবরাজকে মৃত ঘোষণা করেন। আহত তার বাবা আশিশ বণিক সেখানে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তন্ময় জামশেদ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেবরাজ বণিককে মৃত ঘোষণা করা হয়। তার বাবাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল হাসপাতালে যায়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




