গোপালগঞ্জের মুকসুদপুরে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাটিকামারী বাজারের ব্রিজসংলগ্ন দলিল উদ্দিনের বাড়ির প্রধান ফটকের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মুকসুদপুর উপজেলার আকদিয়া গ্রামের লাল মিয়া শেখের ছেলে হাসমত আলী শেখ (৭৯) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা গ্রামের শাহিন মিয়ার ছেলে মাহবুবুর রহমান (২৫)।
র্যাব-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প), গোপালগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযানটি চালায়। র্যাবের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়।
মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মাসউদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহযোগিতায় ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, র্যাব-৬ ও থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে আটক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




