কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ৫০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ইয়াবাভর্তি পলিব্যাগ ফেলে পালিয়ে যান।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিলের কেকড়াতলী এলাকায় অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল।
বিষয়টি নিশ্চিত করেছেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের বেড়ির ওপর দিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি হাতে থাকা একটি পলিব্যাগ সৈয়দ নুরের মাছের ঘেরের কাছে ফেলে নিকটবর্তী গ্রামের দিকে পালিয়ে যান।
পরে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পলিব্যাগটি উদ্ধার করেন। এতে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী পাঁচটি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে আনুমানিক ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, উদ্ধার করা ইয়াবার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




