কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দুদক কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সুরাইয়া সুলতানার নেতৃত্বে চার সদস্যের একটি দল এই অভিযান চালায়।
অভিযানকালে দুদক কর্মকর্তারা হাসপাতালের ব্লাড ব্যাংক, রান্নাঘর, অপারেশন থিয়েটার, সিসিইউ বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট অফিসিয়াল নথিপত্র যাচাই-বাছাই করেন।
এ সময় দুদকের কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক সুরাইয়া সুলতানা জানান, চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, প্যাথলজি বিভাগে অনিয়ম, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের আগে দুদকের দুই সদস্য রোগী সেজে হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগের সত্যতা যাচাই করেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক ডাক্তার মো. আনোয়ারুল কবির জানান, দুদক এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য-উপাত্ত তাদের দেয়নি। লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে রোগী ও স্বজনদের নানা অভিযোগ রয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ কর্মী সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা বলে আসছে।
এএইচ



