নাটোরের নলডাঙ্গা উপজেলার মমিনপুরে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।
অভিযানকালে উপস্থিত ছিলেন- নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান, রণজিৎ কুমার সিংহ ও মো. মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা গেছে, অবৈধভাবে সার মজুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এসময় উপজেলার মমিনপুর এলাকার মেসার্স মদিনা অ্যাগ্রো এন্টারপ্রাইজে অবৈধভাবে সার মজুতের অপরাধে ব্যবসায়ী মো. মোহন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখাতে অবৈধভাবে সার মজুত ও বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এক ব্যবসায়ীকে অর্থদণ্ড করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে




