ব্রাহ্মণবাড়িয়ায় দুই ভেটেরিনারি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে পৃথক অভিযানে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় দুটি ফার্মেসিতে অভিযানে দেখা যায় লাইসেন্স নবায়ন না করা, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্য প্রদর্শন করে রেখেছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক দুটি ফার্মেসিকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শাকিল আহমেদ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।




