বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাঠে ধানের চারা রোপণ করার সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত দেলোয়ার হোসেন খান দক্ষিণ চেঁচরী গ্রামের মো. হারুন খানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

​স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে বৃষ্টির মধ্যে দেলোয়ার হোসেন নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় আকস্মিক তীব্র বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শাহিন খান জানান, দুপুরে মাঠে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

​কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পাল বলেন, বজ্রপাতে এক কৃষক নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজখবর নিয়েছে। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর