বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আগের সরকারের একপেশে চুক্তির কারণেই বিদ্যুৎ সংকট: এমপি সাঈদ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ এএম

শেয়ার করুন:

আগের সরকারের একপেশে চুক্তির কারণেই বিদ্যুৎ সংকট: এমপি সাঈদ

বিগত আওয়ামী লীগ সরকারের একপেশে চুক্তির কারণেই দেশের মানুষকে বর্তমানে বিদ্যুৎ সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। তার দাবি, বিদ্যুতের কথা বলে আগের সরকার লাখ লাখ কোটি টাকা পাচার করেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের জাজিরায় আয়োজিত র‍্যালি শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সাঈদ আহমেদ বলেন, আজকে আপনারা বিদ্যুতের সমস্যা দেখছেন। ইতিপূর্বে যারা সরকারে ছিলেন, তারা বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন। তাদের একপেশে চুক্তির কারণে আজকে আমাদের দুর্দশায় পড়তে হচ্ছে।

বর্তমান বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিরও প্রভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসতে না পারায় আমাদের বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। এজন্য সময়ের প্রয়োজন। খুব দ্রুতই বিদ্যুতের সমস্যা সমাধান হবে বলে আমরা আশা করি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ অ্যা প্লান’ বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন সাঈদ আহমেদ আসলাম। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যারা ব্যঙ্গ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা প্রমাণ করে দেব, তারেক রহমানের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানেই এই দেশকে সমৃদ্ধশালী করে ছাড়ব, ইনশাআল্লাহ।

হিংসা-বিদ্বেষ ভুলে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ‘সবার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সাঈদ আসলাম বলেন, তারেক রহমান শুধু দলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখেন না; দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চান।

সরকারের নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন শরীয়তপুর-১ আসনের এই সংসদ সদস্য। তিনি বলেন, আমরা সরকার গঠনের পর থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দেনা নিয়ে কাজ করে যাচ্ছি। এর কারণে বিভিন্নভাবে আমাদের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও দিনরাত পরিশ্রম করে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নিয়ে কাজ করে যাচ্ছেন।

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ যেকোনো ধরনের অভিযোগ থাকলে তা জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

সাঈদ আহমেদ আসলাম বলেন, জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীর দ্বারা আপনারা সমস্যায় পড়লে, কোনো চাঁদাবাজি, দখলবাজি বা যেকোনো বিষয় হলে আমাকে বলবেন। আমি আপনাদের সামনে তার বিচার করব।

সাংবাদিকদেরও সরকারের ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সমস্যা তুলে ধরার আহ্বান জানান এই সংসদ সদস্য। বলেন, আপনারা আমাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি আমাদের সমস্যা নিয়েও আমাদের সঙ্গে বসেন। সমস্যাগুলো চিহ্নিত করেন। আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে একত্রে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

শরীয়তপুরের উন্নয়ন প্রসঙ্গে সাঈদ আহমেদ বলেন, আমাদের শরীয়তপুর জেলা অবহেলিত। এখানকার সাধারণ জনগণের দুঃখ-দুর্দশাগুলো আপনারা গণমাধ্যমে ফুটিয়ে তুলুন। যাতে সরকারের বিভিন্ন মহলের নজরে আসে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করা যায়।

তিনি বলেন, আপনাদের লেখনির মাধ্যমে আমরা জানতে পারি মানুষের সমস্যাগুলো কী। সেগুলো জানতে পারলে আমরা সমাধানের উদ্যোগ নিতে পারব।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর