মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ইউএনওকে নিয়ে বিতর্কিত মন্তব্য: বিএনপির ২ চেয়ারম্যান বরখাস্ত

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

ইউএনওকে নিয়ে বিতর্কিত মন্তব্য:  বিএনপির ২ চেয়ারম্যান বরখাস্ত
বরখাস্তকৃত দুই চেয়ারম্যান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর বক্তব্য দেওয়ায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। 

বরখাস্তকৃতরা হলেন- নাচোল ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। তারা দুজনই স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। 

গত ১০ আগস্ট বেলা ১১টার দিকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। কিন্তু নিয়োগে স্বচ্ছতা না থাকা, অনিয়ম-দুর্নীতি এবং যোগ্যদের বাদ দিয়ে পছন্দের ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার অভিযোগ তুলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেন। এছাড়া ইউএনওর বিরুদ্ধে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর বক্তব্য দেন। 

স্থানীয় সরকার বিভাগের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগ ফলাফল প্রকাশের পর নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব ইউএনও প্রিয়াংকা দাসের বিরুদ্ধে জনসম্মুখে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থি বক্তব্য দেন। জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাদের স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ আগস্ট প্রজ্ঞাপনটি জারি করা হয় এবং ইতোমধ্যে তা কার্যকর হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে খুব দ্রুত এ সংক্রান্ত নোটিশ জারি করা হবে।

কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া মেহরাব বলেন, ‘আমি নোটিশ পেয়েছি এবং নির্ধারিত ১০ কার্যদিবসের মধ্যে এর যথাযথ জবাব প্রদান করব।’ 

অন্যদিকে নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বর্তমান ইউএনও আওয়ামী লীগের অনুসারীদের সুবিধা দিয়ে নিয়োগ দিয়েছেন। আমরা কেবল অন্যায়ের প্রতিবাদ করেছি, কোনো ভুল করিনি। আমরা আইনগতভাবেই এর যথাযথ পদক্ষেপ নেব।’

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর