কক্সবাজারের উখিয়ায় পুলিশের ধাওয়া খেয়ে দুই লাখ পিস ইয়াবা বহনকারী সিএনজি ফেলে পালিয়ে গেছে চালকসহ দুই মাদক কারবারি।
মঙ্গলবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে মহাসড়কের পাশে এ অভিযান চালানো হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা কক্সবাজারের দিকে নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে থাইংখালী বাজারসংলগ্ন একটি তেলের পাম্পের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি শুরু করা হয়। পরে সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটে পালংখালী বাজারের দিক থেকে একটি সিএনজি দ্রুতগতিতে চেকপোস্টের দিকে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সংকেত অমান্য করে উখিয়ার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ পিকআপ নিয়ে সিএনজিটিকে ধাওয়া করে।
একপর্যায়ে মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সামনে সিএনজিতে থাকা চালকসহ দুই ব্যক্তি মহাসড়কের পশ্চিম পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ঘেরাও করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে পুলিশ। এ সময় ২০টি কার্ডে থাকা মোট ১ হাজারটি বায়ুরোধক জীপার পলিপ্যাক উদ্ধার করা হয়। প্রতিটি পলিপ্যাকে ২০০টি করে ইয়াবা ছিল। এতে মোট ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি আতিক জানান, উদ্ধারকৃত ইয়াবার ওজন জীপার পলিপ্যাক ও রাবার বাদ দিয়ে ১৬ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। এ ঘটনায় পলাতক অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
পলাতক ব্যক্তিদের পরিচয় শনাক্ত, ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিনিধি/এএইচ




