মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বরিশালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

বরিশালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন

বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংঘর্ষে জড়ালেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে অশ্বিনী কুমার টাউন হল ও এর আশপাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, র‌্যালিতে সামনে থাকা ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নগরীর সদর রোড এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। এসময় মিছিলের অবস্থান, সামনে যাওয়ার চেষ্টা এবং স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পরে আবার দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে কর্মসূচিতে আসা নেতাকর্মী ও আশপাশের পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকর্মী এ ঘটনায় আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দলীয় কার্যালয় ও টাউন হলের মঞ্চ থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মাইকযোগে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও দলীয় নেতাদের হস্তক্ষেপে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‌্যালি ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর