বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমানে দল ও সরকারের সামনে উদযাপনের চেয়ে দেশ গঠনের চ্যালেঞ্জই প্রধান।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, বিদ্যুৎ ও জ্বালানিসহ লজিস্টিক সংকট দূরীকরণ এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গতি সঞ্চার করাই মূল লক্ষ্য।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর তোপখানায় সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপির যাত্রা শুরু হয়েছিল। এরপর থেকে প্রতিটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ বিএনপিকে জনসমর্থন দিয়ে দেশ পরিচালনার সুযোগ দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে নেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, দেশে শিল্প উৎপাদনের জন্য প্রচুর কাঁচামাল বাইরে থেকে আমদানি করতে হয়। চাল ও কিছু কৃষিপণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতি বছর ৬০ থেকে ৭০ লাখ টন গমসহ বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করতে হয়।
তিনি জানান, আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বাণিজ্যে ঘাটতি পূরণ একদিনে সম্ভব নয়, তবে বাণিজ্যের মোট পরিমাণ (ট্রেড ভলিউম) বৃদ্ধি ও নতুন নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে রফতানি খাত সম্প্রসারণের কাজ চলছে। এরই অংশ হিসেবে সিলেটে নতুন বিসিক শিল্পনগরী তৈরির ঘোষণা দেওয়া হয়েছে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম।
অনুষ্ঠানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কার্যালয়ের ফিতা উন্মোচন এবং দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এএইচ



