মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাংলাদেশকে বদলে দেওয়ার জন্যই বিএনপি রাজনীতি করছে: শিমুল বিশ্বাস

জেলা প্রতিনিধি, পাবনা 
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশকে বদলে দেওয়ার জন্যই বিএনপি রাজনীতি করছে: শিমুল বিশ্বাস

পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস পরিশ্রম করছেন। সমস্ত মানুষকে তিনি সেবার আওতায় নিয়ে আসছেন। বাংলাদেশে যেন কর্মসংস্থান বৃদ্ধি পায়, ঘরে ঘরে বেকারত্ব, দারিদ্রতার অবসান হয়। বাংলাদেশ যেন উন্নত হয় সেটাই আমাদের রাজনীতি। বিশেষ করে বাংলাদেশকে বদলে দেওয়ার জন্যই বিএনপি রাজনীতি করছে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পাবনা জেলা বিএনপির র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, পাবনার মানুষগুলো দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার ছিলো, সবকিছুই আমাদের হাতে নাগালের বাহিরে চলে যেতো। কিন্তু আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে। আমাদের যতগুলো দাবি যে দাবি দীর্ঘ ৫০ বছরে বাস্তবায়ন হয়নি, আমাদের ব্রিজ চলে গিয়েছিল, ট্রেন চলে গিয়েছিল, আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল সহ সবগুলো তারেক রহমানের হাতে এখানে বাস্তবায়ন হতে যাচ্ছে। পদ্মা যে ব্যারেজ হচ্ছে তা এই গোটা অঞ্চলের কৃষি ব্যবস্থার বিপ্লব ঘটাবে। এইসব বাস্তবায়ন হলে পাবনা বদলে যাবে।

তিনি বলেন, সব প্রস্তুতি শেষ, চলতে মাসেই ঢাকা-পাবনা ট্রেন আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ। সেই ট্রেনে চরেই আমরা ঢাকা যাবো আর ঢাকা থেকে পাবনা ফিরবো। এছাড়াও বগুড়া এবং ঠাকুরগাওয়ের সঙ্গে ঈশ্বরদী বিমানবন্দরও চালু হতে যাচ্ছে। এসব কারণে সারা দেশের মধ্যে পাবনা জেলা অগ্রগামী হয়ে গেছে। পাবনা পৌরসভার জন্য ১০০ বছরের মাস্টারপ্ল্যান করে রাস্তাঘাটগুলোর কাজ করা হবে।

তিনি আরও বলেন, পাবনায় জামায়াতে ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদসহ ডান ও বামপন্থি সব দলের চেয়ে বিএনপিকে সবচেয়ে শক্তিশালী ও জনপ্রিয় দল হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য নেতাকর্মীদের জনগণের মন জয় করতে হবে এবং মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। জাতীয় সংসদ থেকে সংসদ সদস্যদের জন্য প্রতি তিন মাস পর পর যে ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়, সেই অর্থ তিনি নেতাকর্মীদের জন্য- বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালনকারীদের সম্মানে ব্যয় করা হবে।

এসময় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মাস্টার, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান, সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলামসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষক দল ও মহিলা দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

পরে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে আব্দুল হামিদ রোড হয়ে, শহীদ চত্বর ও চাপাবিবি মোড় ঘরে আবার জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর