দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বর্তমান সরকার নিরলস কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
তিনি বলেছেন, ‘বিগত সরকার গত ১৭ বছরে এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সপ্তাহের সাত দিনই সরকার নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে। গত ছয় মাসে দুঃস্থ ভাতা, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে।’
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই আন্দোলনের শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে আমাদের অনেক নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে। জনগণের ভোট বিপ্লবের মাধ্যমে সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে।
পিরোজপুর জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, পিরোজপুরে অতীতে সংঘটিত বিভিন্ন অনিয়মের অবসান ঘটিয়ে বন্ধ থাকা সব উন্নয়নকাজ শিগগিরই পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশ থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূল করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে নিজে কী পেলেন—তা না ভেবে সমাজ ও রাষ্ট্রকে কী দিতে পারলেন, তা ভাবুন। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রেখে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মল্লিক জোমাদ্দার।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রতিনিধি/এএইচ



