মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলায়নকৃত স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং বিদ্যুৎ ব্যবস্থা বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করে আজ বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে এবং তাদের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। দেশের প্রতিটি মানুষের দাবি ও প্রয়োজনের প্রতি খেয়াল রেখে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি বলেন, মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করতে হবে। যারা চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে যেমন কাজ করতে হবে, তেমনি জুয়ার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে বাংলাদেশের মানুষকে এমনভাবে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো গুপ্ত বাহিনী বা স্বৈরাচার দেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসতে না পারে।

মন্ত্রী বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু সহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর