নতুন প্রজন্মের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ধরন পরিবর্তন হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, যারা রাজনীতি করেন, তারা একটি আদর্শকে পছন্দ করেন। নতুন প্রজন্মের রাজনীতিও এমন হবে। তারা রাজনীতিকে পেশা হিসেবে নিতে চান না। তাদের রাজনৈতিক আদর্শ হবে আলাদা, আর পেশা হবে আলাদা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আগামীতে এমনও হতে পারে, ভোটাররা অনলাইনে বসে ভোট দেবেন, ভোটকেন্দ্রে কেউ থাকবেন না। তাই তিনি মনে করেন, ২০০৬ থেকে ২০২৬ সালে এসে বিএনপির প্রতি নতুন প্রজন্মের রাজনীতিকদের আগ্রহ বেড়েছে।
তিনি আরও বলেন, সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিপণ্যকে বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করা হবে। চলতি বছর এখন পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও যেন পেঁয়াজ আমদানি করতে না হয়, সেই আশা করছেন। আগামী আড়াই বছরের মধ্যে আদা, পেঁয়াজ, টমেটো ও কাঁচা মরিচের মতো কৃষিপণ্যের আমদানি বন্ধ করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিবসহ মহানগর ও জেলা বিএনপির নেতারা।
এ ছাড়া সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রতিনিধি/এআর





