প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণ। এতে যোগাযোগ দক্ষতা, আচরণ, সময় ব্যবস্থাপনা, দায়িত্বশীলতা, দলগতভাবে কাজ করা ও সমস্যা সমাধানসহ কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের দ্বিতীয় ফেজের দ্বিতীয় ব্যাচের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম প্রশিক্ষণের উদ্বোধন করেন।
সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এতে অর্থায়ন করছে সমাজসেবা অধিদপ্তরের ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের দ্বিতীয় ফেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা. সাইয়েদা সুলতানা, সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণে কর্মক্ষেত্রে কার্যকর যোগাযোগ, সহকর্মী ও সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, দায়িত্বশীলতা, সময় ব্যবস্থাপনা, দলগতভাবে কাজ করা, সমস্যা সমাধান এবং পেশাগত ক্ষেত্রে ইতিবাচক মনোভাব গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা জানান, পেশাগত দক্ষতার পাশাপাশি সফটস্কিলস একজন কর্মজীবী মানুষের আত্মবিশ্বাস, যোগাযোগ সক্ষমতা ও কাজের মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রান্তিক পেশাজীবীদের এসব বিষয়ে দক্ষ করে তুলতে পারলে তাদের কর্মদক্ষতা ও আয় বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণটি টানা ১০ দিন চলবে। আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিনিধি/এসএস





