চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় ট্রাকচাপায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) এবং একই গ্রামের অটোরিকশাচালক মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ভোরে মাহি ও তাওহীদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। লোহাগাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহত দুই তরুণ একই গ্রামের বাসিন্দা এবং শৈশব থেকেই একসঙ্গে বেড়ে উঠেছেন। তাদের মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে এলাকার একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তার সহযোগিতায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ এলাকায় আনার ব্যবস্থা করা হবে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই তরুণের আকস্মিক মৃত্যু স্বজন ও পরিচিতজনেরা মেনে নিতে পারছেন না। তাদের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো তথ্য জানানো হয়নি।
প্রতিনিধি/এসএস





