নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে হেলাল শেখ (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় তীব্র স্রোতের কারণে নোঙর করা একটি ফেরির সঙ্গে তাদের নৌকার ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিন জেলেই নদীতে পড়ে যান। পরে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল শেখ স্রোতের টানে নিখোঁজ হন।
খবর পেয়ে কালিয়া থানা-পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্বজন ও স্থানীয় লোকজনও নদীর তীরে বিভিন্ন স্থানে হেলালকে খুঁজতে থাকেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত হেলাল শেখের সন্ধান পাওয়া যায়নি।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করবে।
প্রতিনিধি/এসএস





