নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অপরাধ দমন ও মাদক নির্মূলে একদল পুলিশ অভিযান চালিয়ে মোসা. দুলু বেগম (৬০) নামে এক নারী মাদক সম্রাজ্ঞীকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
সোমবার(৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউপির বিসমিল্লাহ নামে সিএনজি পাম্পের সামনে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিন এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সি. এন. জি. পাম্পের সামনে থেকে কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলবার গ্রামের মৃত আলি নেওয়াজের সহধর্মিনী মোসা. দুলু বেগমকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এফএ





