চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সাথে মৃত্যু হয়েছে এক রোগীর। এ নিয়ে চলতি মাসে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০২ জনে।
সোমবার সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গুর দৈনিক প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়।
গত ২৮ আগস্ট পাহাড়তলী এলাকার জাফর আহমেদ নামে এক ব্যক্তি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর কারণ হিসেবে 'এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম' এবং 'মাল্টি অর্গান ফেইলর' উল্লেখ করা হয়েছে। এ নিয়ে আগস্ট মাসে ২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৩২ জন। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৮ জন, বিআইটিআইডিতে ২ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
আগস্ট মাসে ডেঙ্গু সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। চলতি বছরের মোট ২ হাজার ৩৬ জন আক্রান্তের মধ্যে কেবল আগস্ট মাসেই ১ হাজার ২০২ জন শনাক্ত হয়েছেন, যা জুলাই মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি।
প্রতিনিধি/এলএ





