সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

মাদরাসাছাত্রীদের ‘উত্ত্যক্ত’ করায় দুই কন্যার জনকের গলায় জুতার মালা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

মাদরাসাছাত্রীদের ‘উত্ত্যক্ত’ করায় দুই কন্যার জনকের গলায় জুতার মালা
জুতার মালা পরিয়ে বের করা হচ্ছে অভিযুক্তকে। ছবি: ঢাকা মেইল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মাদরাসা ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সুমন হোসেন নামে এক যুবককে জুতার মালা পরানো হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে ।

অভিযুক্ত সুমন হোসেন উপজেলার মথনপুর গ্রামের বাসিন্দা। তার দুজন কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই যুবক বেশ কিছুদিন যাবৎ মাদরাসা শিক্ষার্থীদের আসা-যাওয়ার পথে বিভিন্ন সময় অশালীন অঙ্গভঙ্গি ও উত্ত্যক্ত করতেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সকালে সে মাদরাসার সামনে এসে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করলে গ্রামবাসী তাকে আটক করে মাদরাসায় নিয়ে যায়। এরপর ওই যুবকের বাবা, স্ত্রীসহ পরিবারের কয়েকজনকে মাদরাসায় ডেকে আনা হয়। এ সময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা পরিবারের সদস্যদের সাথে কথা বলে মাদরাসা থেকে জুতার মালা পরিয়ে বের করার সিদ্ধান্ত নেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মাদরাসার শিক্ষক সামাউল ইসলাম বলেন, প্রায়ই আমরা খবর পেতাম এক যুবক শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে। আজ তাকে গ্রামবাসী ধরে মাদরাসায় নিয়ে আসে। উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচতে পরিবারের সদস্যরা তাকে মাদরাসা থেকে জুতার মালা পরিয়ে বের করার সিদ্ধান্ত নেয়।

কাষ্টভাঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য তরিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে তিনি মাদরাসায় যান। ওই যুবক তার ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে জুতার মালা পরিয়ে বের করা হয়।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে গ্রামবাসী ওই ছেলেকে মাদরাসায় নিয়ে আসে। এরপর তার পরিবারের সদস্যরা মাদরাসায় আসেন। এসময় গ্রামবাসী তাকে জুতার মালা পরিয়ে মাদরাসা থেকে বের করে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর