সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ঢাকা

সোনারগাঁওয়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম

শেয়ার করুন:

সোনারগাঁওয়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
চৈতী কম্পোজিট লিমিটেড। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী এলাকায় পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

সোমবার (৩১ আগস্ট) দুপুরের দিকে পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দলের মাধ্যমে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনাগুলো পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে পরীক্ষা করা হয়।

পরীক্ষায় তরল বর্জ্যে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার, মোট স্থগিত কঠিন পদার্থ (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার বাইরে। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। এর ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর