গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ জনসম্পৃক্ত দাবি আদায়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চ সফল করতে ফেনীতে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) ফেনী জেলা জামায়াতের আমির আব্দুল হান্নানের নেতৃত্বে ফেনী মডেল হাই স্কুল, বড় মসজিদ হয়ে শহরের বড় বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের শহর আমির নজরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ফেনী জেলা আহ্বায়ক সাইফ উদ্দিন, ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. জামাল উদ্দিন, সেক্রেটারি কাউসার আলম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মিতুসহ জোটের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে আবদুল হান্নান বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লং মার্চ সফল করতে ফেনীতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। ওই দিন বিকেল ৩টায় ফেনী মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ পাশে একটি পথসভার আয়োজন করা হয়েছে। এতে জামায়াত আমির ও বিরোধী দলের প্রধান ডা. শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
তিনি বলেন, দেশের স্বার্থে ১১ দলীয় ঐক্য এ কর্মসূচির ডাক দিয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে এ লং মার্চ হবে।
প্রতিনিধি/এলএ




