লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। দলীয় মনোনয়নপত্র নিতে ইউপি চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের দেখা গেছে উৎসবমুখর।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় স্থানীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার কার্যালয়ে এ দলীয় ফরম বিক্রি শুরু হয়।
দুপুরে টুমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী প্রার্থী (চেয়ারম্যান) পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ইউনিয়নটির যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন মোক্তার।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোক্তার। ছাত্রদলের রাজনীতির মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার পর বর্তমানে তিনি টুমচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আক্তার হোসেন মোক্তার বলেন, আমি বিএনপির মনোনয়ন পেলে টুমচর ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করব। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব।
৩০ আগস্ট থেকে শুরু হওয়া দলীয় মনোনয়নপত্র বিক্রি চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিনিধি/এলএ




