কক্সবাজারের রামু ও পেকুয়ায় পৃথক দুর্ঘটনায় এক যুবক ও দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে পৃথক সময়ে এ দুটি দুর্ঘটনা ঘটে।
রামুতে ট্রেনে কাটা পড়ে মো. আবদুল্লাহ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের মৃত আবদুল ছবুর ড্রাইভারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রেললাইনে চলাচলের সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আবদুল্লাহর মৃত্যু হয়। তবে কীভাবে তিনি রেললাইনে উঠেছিলেন বা দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের ব্যবস্থা করে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আদিল ওই এলাকার লবণচাষি মোহাম্মদ হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলছিল আদিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক।
প্রতিনিধি/জেবি




