বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ হবে- বিশ্ব মানচিত্রে 'উন্নয়নের এক রোল মডেল'।
একটি স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের কাছে এটি এখন দৃশ্যমান। মানুষ উন্নত ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই জন্য সরকারের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি প্রয়োজন।
সোমবার (৩১আগস্ট) কুমিলার দাউদকান্দি উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খন্দকার মারুফ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও উন্নয়ন অগ্রযাত্রায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির গুরুত্ব অপরিসীম।
তিনি দৃঢ়তার সাথে বলেন, অপরাধ নির্মূল করতে হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। কোন অপরাধী বিএনপির পরিচয় দিলে তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থ বিনষ্টকারী এইসব অপরাধী আইনের ফাঁক-ফোকর দিয়ে যাতে বেরিয়ে না যায়, সে ব্যাপারে তীক্ষ্ম নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা নিতে তিনি স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি যখনই সরকারে থাকে, জনগণের কল্যাণে কাজ করে। তারেক রহমানের নেতৃত্বে এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে। কৃষি উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার ঐতিহাসিক 'নদী-খাল খনন কর্মসূচি' আবারও চালু করেছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অসহায়, দুঃস্থ এবং কৃষক পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ অব্যাহত রেখেছেন। গত ৬ মাসে তারেক রহমান রাষ্ট্রের প্রচুর জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র,অর্থনীতিসহ সকল ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সততা ও নতুন সুস্থ ধারার রাজনীতির কারণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ হবে- বিশ্ব দরবারে 'উন্নয়নের রোল মডেল'।
খন্দকার মারুফ দাউদকান্দি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে- চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসেবী ও মাদক কারবারী দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, এসিল্যান্ড নাহিদ আহমেদ এবং ওসি মো.সাজেদুল ইসলাম প্রমুখ।
ডেস্ক/এলএ




