গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে একটি বাসে আগুন দিয়েছেন তার সহকর্মী ও স্থানীয় লোকজন। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া একটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম (৫০) ঢাকার আশুলিয়া এলাকার ওসমান আলীর মেয়ে। তিনি স্থানীয় দিগন্ত সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে সাতটার দিকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তাকওয়া পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির ভেতরের অংশ পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ খবর পেয়ে নিহতের সহকর্মীরা একটি বাসে অগ্নিসংযোগ করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস




