জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় প্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলাম।
তিনি বলেন, “জাতীয় জীবনে নজরুল আমাদের অনুপ্রেরণার নাম। তার সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যের অনবদ্য সৃষ্টি। সাহিত্যের এমন কোনো শাখা নেই, যেখানে তার বিচরণ নেই। দেশের মুক্তিকামী মানুষকে তিনি পথের দিশা দেখিয়েছেন। অসাম্প্রদায়িকতা, মানবিকতা, সাম্য ও চেতনার কবি নজরুল সব শ্রেণির মানুষকে অনুপ্রাণিত করেন। তার সৃষ্টি ও কর্মকে ধারণ করে পথ চলতে পারলে আমরা কখনোই পথ হারাব না।”
মাসব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় অংশ নেবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মুহাম্মদ মিঠুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেনসহ অনেকে।
উদ্বোধনী দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা আবৃত্তি ও গান পরিবেশন করে।
প্রতিনিধি/এসএস




