ময়মনসিংহের ভালুকা উপজেলায় প্রায় ২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মো. সাগর (৩৩) নামে এক যুবক। দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ওই যুবক জেলার নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (গাংগাটিয়া) এলাকায় নবনির্মিত একটি বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছিলেন সাগর। কখনো শূন্যে শুয়ে-বসে হাত নাড়িয়ে মজা করছিলেন তিনি। ওই যুবকের এমন কাণ্ড দেখে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস ও থানা-পুলিশে খবর দেন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ৭ ঘণ্টা পর ওই যুবককে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনে।
স্থানীয় হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, নিজেদের জমিতে কাজ করার সময় স্থানীয় কৃষকরা দেখতে পান, এক যুবক বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ওই যুবককে নিচে নামিয়ে আনে এবং পুলিশের হেফাজতে নেন।
ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, লাইনটিতে নতুন তার টানানো হলেও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। অভিযান চালিয়ে বিকেল সোয়া ৩টার দিকে ওই যুবককে নিচে নামানো হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
সবুজ মিয়া আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এলএ




