রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি,  নেত্রকোনা
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় বিদ্যুতের তারে কাপড় শুকাতে গিয়ে গৃহবধূর মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় দীর্ঘ লোডশেডিং চলাকালে বিদ্যুতের তারে কাপড় শুকাতে গেলে হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

রোববার (৩০ আগস্ট) বিকালে উপজেলার আসমা ইউনিয়নের ভাটি নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

নিহত রাশিদা বেগম ভাটি নোয়াপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। সকালে প্রখর রোদ থাকায় কাপড় ধুয়ে বাড়ির সামনে বিদ্যুতের তারে শুকাতে দেন রাশিদা। বিকাল ৪টার দিকে শুকনো কাপড় নিয়ে আসতে যান তিনি। এসময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

রাশিদার চিৎকার শুনে আশেপাশের লোকজন বিদ্যুতের সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেন, লোডশেডিং চলাকালে রাশিদা বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিয়েছিলেন। পরে বিকালে কাপড় আনার সময় হঠাৎ বিদ্যুৎ চলে এলে এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর