রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

চাঁদপুরে উপজেলা আ.লীগের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে উপজেলা আ.লীগের সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেফতার
চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন (৪৫)।

চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে (৪৫) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ পাহারায় তাকে আদালতে পাঠানো হয়েছে। হেলাল উদ্দিন কচুয়া উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ হেলাল উদ্দিনের বিরুদ্ধে কচুয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনের একাধিক ধারায় মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহের মোল্লা। ওই মামলায় হেলাল উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ আগস্ট রাতে কচুয়া থানার পালাখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জামাল পাটোয়ারীর বাড়িতে আসামিরা একত্রিত হন। সেখানে তারা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি ও সার্বভৌমত্ব বিপন্ন করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র করছিলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্যপদ গ্রহণ ও সংগঠনটির আদর্শকে সমর্থন করেন। জনমনে আতঙ্ক সৃষ্টি ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশে তারা সেখানে সমবেত হয়ে মিছিলে অংশগ্রহণ ও পৃষ্ঠপোষকতা করেন বলেও অভিযোগ করা হয়েছে।

ওসি মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, ‘অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে কচুয়া থানার সন্ত্রাসবিরোধী একটি মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।’ আইনগত প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর