গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর রাব্বি বিশ্বাস (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামের মধুমতি নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রাব্বি বিশ্বাস নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুরে একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে সে। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরে ডুবুরি দল এসে নদীতে শিশুটির সন্ধানে অভিযান চালায়।
রোববার দুপুরে স্থানীয় লোকজন নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটি নিখোঁজ রাব্বির বলে শনাক্ত করেন।
রাব্বির মামাতো ভাই মো. আশিক বলেন, ‘রাব্বি আমাদের বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ কাউকে না জানিয়ে আরেক শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে নদীতে নিখোঁজ হয়। পরে রোববার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।’
রাব্বির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রতিনিধি/এসএস




