দিনাজপুরের পার্বতীপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার পুরাতন বাজারের তেলিপট্টি মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বিসকাঠারি-হরিপুর এলাকার জলিল মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে জাহাঙ্গীর আলম মোটরসাইকেল নিয়ে আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সাথী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস




