খুলনায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আক্রান্ত রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহ ও জনসচেতনতা তৈরিতে মাঠে নেমেছে মহানগর ছাত্রদল। নগরীর সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানের অঙ্গীকারনামা সংগ্রহ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার শুরু করেছে সংগঠনটি।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সময়ে খুলনা আজম খান সরকারি কমার্স কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, এম এম সিটি কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ও হাজী মোহাম্মদ মহসিন কলেজেও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, গত দুই মাস ধরে খুলনা মহানগর ও জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ রয়েছে। এ অবস্থায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করতে ছাত্রদলের এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।

শফিকুল আলম মনা আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে নগরীর সাতটি প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানে রক্তদাতার তালিকা তৈরি ও ব্লাড ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব হাবিবুর রহমান বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।
অনুষ্ঠানে সরকারি বিএল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ অধ্যাপক এফ এম আব্দুর রাজ্জাক ও শিক্ষক পরিষদের সম্পাদক ভূঁইয়া এমদাদুল হক উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শেখ আল আমিন, সদস্যসচিব ডা. এস এম কামরান হোসেন ও ডা. সুদীপ্ত কুমার পালসহ চিকিৎসক এবং বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস




