সাতক্ষীরা থেকে চট্টগ্রামে নেওয়ার পথে যশোরের রাজারহাট এলাকায় একটি ট্রাক থেকে ৩৭ কেজি ৭০০ গ্রাম জেলি পুশ করা চিংড়ি জব্দ করেছে র্যাব-৬। এ ঘটনায় সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাতে কোতয়ালি মডেল থানার রাজারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে র্যাবের সঙ্গে মৎস্য অধিদফতরের কর্মকর্তারাও অংশ নেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি ট্রাকে করে সাতক্ষীরা থেকে চট্টগ্রামে জেলি পুশ করা চিংড়ি মাছ নেওয়া হচ্ছে। পরে খবরের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে রাজারহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়।

সন্দেহভাজন ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে থামিয়ে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মাছ পরিবহনে ব্যবহৃত ককশিটের ভেতর থেকে ৩৭ কেজি ৭০০ গ্রাম জেলি পুশ করা চিংড়ি মাছ জব্দ করা হয়।
অভিযান শেষে সংশ্লিষ্ট মাছ ব্যবসায়ীদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা চিংড়ি মাছও ধ্বংস করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় অবৈধ ও ক্ষতিকর পদ্ধতিতে মাছ সংরক্ষণ ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




