শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

‘বিএনপি নেতার’ ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

‘বিএনপি নেতার’ ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
নিহত যুবদল নেতা ফজলুল আমিন। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রাম নগরীতে ‘বিএনপি নেতার’ ঘুষিতে এক যুবদল নেতার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সড়কে পণ্য বিক্রির ভাসমান রিকশাভ্যান বসানো নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নগরীর চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ফজলুল আমিন নগরীর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন বলে নিশ্চিত করেছেন সংগঠনটির নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও তার ছেলে সিফাতের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, গতকাল (শুক্রবার) বেলা ১১টার দিকে এলাকার বিরোধ নিয়ে শাহজাহান ও ফজলুল আমিনের মধ্যে ঝগড়া হয়। এ সময় শাহজাহান তাকে ধাক্কা দিলে ফজলুল আমিন অসুস্থ হয়ে মারা যান বলে জানতে পেরেছি। রাতে মামলা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে, বুকে ঘুসি দেওয়ার কারণে ফজলুল আমিনের মৃত্যু হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।

স্থানীয়রা জানায়, শাহজাহান নিজেকে বিএনপি নেতা বলে পরিচয় দেন। ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় সড়কে একাধিক হকারকে রিকশাভ্যান বসিয়ে পণ্য বিক্রির ব্যবস্থা করেন শাহজাহান। ফজলুল আমিন এলাকায় ভাসমান দোকানপাট বসানোর বিরোধিতা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বিরোধ ছিল।

যুবদল নেতা মোহাম্মদ শাহেদ বললেন, ঘটনাটি রাজনৈতিক কোনো বিরোধ থেকে হয়নি। এলাকার সমস্যা নিয়ে হয়েছে। শুনেছি, ধাক্কাধাক্কি হয়েছে। ফজলুল আমিন হৃদরোগে আক্রান্ত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর