গাইবান্ধা পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এসময় ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও এক লাখ ১৫ হাজার টাকা জব্দসহ সাথী বেগম (৩১) নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার সাথী বেগম গাইবান্ধা পৌরসভার সবুজপাড়ার কুখ্যাত মাদক কারবারি প্লাবন মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সবুজপাড়ার প্লাবন মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাবন মিয়ার ঘর তল্লাশি করে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার স্ত্রী সাথী বেগমকে সদর থানার সামন থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আব্দুল মোত্তালিব সরকার বলেন, ওই স্থানে অভিযানের সময় প্লাবন মিয়া পালিয়ে যায়। পরে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও সোয়া এক লাখ টাকা জব্দের পর তার স্ত্রী সাথী বেগমকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আব্দুল মোত্তালিব সরকার আরও বলেন, পলাতক আসামি প্লাবন মিয়া (৪০) একজন কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। এছাড়া মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে




