রাঙ্গামাটিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় পর্যটন কর্পোরেশনের আকর্ষণীয় ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে গেছে। ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুটিতে চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা সংবাদমাধ্যমকে জানান, গত কয়েক দিনের প্রবল বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেছে। ফলে হ্রদের ওপর নির্মিত ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে যেতে শুরু করেছে। বর্তমানে সেতুটির বেশির ভাগ অংশ পানির নিচে থাকায় এটি পর্যটকদের পারাপারের জন্য বিপজ্জনক। তাই পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সেতুতে চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি জানান, পানি কমলে নিরাপত্তা যাচাই করে আবার সেতুটি খুলে দেওয়া হবে। সেতুর পানি না কমা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা শনিবার দুপুরে প্রায় ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল-এ পৌঁছেছে। হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি আরও বাড়তে থাকায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের জলকপাট খোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এলএ




