শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে মধুমতীতে গোসল করতে গিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে মধুমতীতে গোসল করতে গিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতী নদীতে গোসল করতে গিয়ে রাব্বি নামে সাত বছরের এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বর্তমানে তিনজন ডুবুরি শিশুটির সন্ধানে নদীতে কাজ করছেন। তবে এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার দুপুর একটার দিকে সমবয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায় সে।

b2dfa16b-9a16-4c03-bfaf-271a86ee3f5d

গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে রাব্বি নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান শুরু করে। তিনজন ডুবুরি একনাগাড়ে শিশুটির সন্ধানে কাজ করছেন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, ‘তিনজন ডুবুরি অনবরত শিশুটির সন্ধানে কাজ করছেন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’

এদিকে শিশুটিকে উদ্ধারের আশায় নদীর তীরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন অপেক্ষা করছেন। উদ্ধার অভিযান দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়ও দেখা গেছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর