চুয়াডাঙ্গা পৌরসভার রেলপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে জাহানারা খাতুন (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জাহানারা খাতুন চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার জামাল শেখের স্ত্রী। স্বামীকে নিয়ে তিনি প্রায় আট মাস ধরে রেলপাড়ার তৌফিকুল ইসলাম জোয়ার্দারের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে কোনো একসময় জাহানারা নিজ কক্ষে সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী জামাল শেখ বলেন, জাহানারা দীর্ঘদিন ধরে পিত্তথলি, লিভার ও পাকস্থলীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। এ পর্যন্ত তার শরীরে পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছিল। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে তার ধারণা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।
প্রতিনিধি/এসএস




