গাজীপুরের কাপাসিয়ায় গরুর ঘাস কাটা ও জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নিলয় সরকার (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাবুর দক্ষিণপাড়া বলখেলা বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিলয় সরকার ওই এলাকার মনির সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর ঘাস কাটা নিয়ে চাচাতো ভাই রাসেলের সঙ্গে নিলয়ের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর জেরে বাজার থেকে ফেরার পথে নিলয়ের ওপর হামলা চালান রাসেল। একপর্যায়ে স্থানীয় আব্দুর রশিদ এতিমখানার পাশে পাকা সড়কে পৌঁছালে রাসেল নিলয়ের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন বলে অভিযোগ রয়েছে।

রক্তাক্ত অবস্থায় নিলয়কে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত রাসেল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এসএস




