হত্যাচেষ্টা মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাবেক সদস্য মাহফুজুর রহমান লিমন (৩৯) গ্রেফতার হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০।
র্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে জানায়, গেন্ডারিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় লিমনকে গ্রেফতার করা হয়েছে।
মাহফুজুর রহমান লিমন ফতুল্লার পাগলা-দেলপাড়া এলাকার আব্দুল করিম তোতা মিয়ার ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জে গার্মেন্টস ব্যবসা পরিচালনার সময় লিমন ও মেহেদী হাসান রুবেলের সঙ্গে ভুক্তভোগীর ব্যবসায়িক সম্পর্ক ছিল। এ সময় তারা ভুক্তভোগীর মেয়েকে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেন বলে অভিযোগ রয়েছে। এতে ভুক্তভোগী ও তার মেয়ে সম্মতি না দেওয়ায় তাদের হয়রানি ও হুমকি দেওয়া হয়।
র্যাব জানায়, গত ১৭ জুন লোহারপুল মোড়ে ভুক্তভোগীকে চাকু দেখিয়ে মারধর করে জোরপূর্বক নিয়ে যাওয়া হয় এবং গুরুতর আহত করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে কয়েকটি কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত ৩ জুলাই গেন্ডারিয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন মেহেদী হাসান রুবেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার আসামি লিমনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রতিনিধি/এসএস




