শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে আটক কিশোরের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি, পঞ্চগড় 
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে আটক কিশোরের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘোরাফেরা করার সময় আটক হওয়া ১৫ বছর বয়সী কিশোর আব্দুল ওয়াহিদের প্রকৃত পরিচয় মিলেছে। সে মূলত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সংশ্লিষ্ট ক্যাম্পের কর্মকর্তাদের মাধ্যমে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।

জানা যায়, গত ২৩ জুন পঞ্চগড় জেলা শহরের সোনালী ব্যাংকের সামনে অসংলগ্নভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা ওই কিশোরকে আটক করে পুলিশে খবর দেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে সে নিজেকে চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাট এলাকার বাসিন্দা বলে পরিচয় দেয়।

তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারায় পুলিশ একটি সাধারণ ডায়েরি করে তাকে আহ্ছানিয়া মিশন শিশু নগরীতে রাখে। সেখানে তার দেওয়া পরিচয় নিয়ে শিক্ষকদের সন্দেহ হলে তারা বিষয়টি অনুসন্ধান শুরু করেন।

একপর্যায়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে কিশোরটির প্রকৃত পরিচয় নিশ্চিত হয়। পরে লিগ্যাল অফিসারের সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

আহ্ছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী জানান, অনুসন্ধানে কিশোরটির রোহিঙ্গা পরিচয় পাওয়া যায়। পরে ক্যাম্পের সংশ্লিষ্টদের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং লিগ্যাল অফিসারের সহযোগিতায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীলও বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট লিগ্যাল কর্মকর্তার মাধ্যমে কিশোরটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর