যশোরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে মামুনুর রশিদ (৪৩) নামে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় ১৭ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে যশোর সদর উপজেলার ৮ নম্বর দেয়াড়া ইউনিয়নের তেঘরিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিবিআই, যশোরের একটি দল।
গ্রেফতার মামুনুর রশিদ যশোরের ঝিকরগাছার লাউজানি এন এম মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক।
পিবিআইয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানার বাজেদুর্গাপুর এলাকায় নিজ বাড়িতে যান মামুনুর রশিদ। এ সময় তার মা আনোয়ারা খাতুনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে মামুনুর রশিদ রান্নাঘরে ব্যবহৃত ধারালো বটি দিয়ে তার মাকে আঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে জানায় পিবিআই। ঘটনার পর মামুনুর রশিদ পালিয়ে যান এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন।
পুলিশ জানায়, মামুনুর রশিদের দুই স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তিনি তার মাকে দায়ী করে আসছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মামুনুর রশিদ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পিবিআই।
ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় নিহতের অন্য ছেলে মঞ্জুর হাসান বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে পিবিআই যশোর স্বপ্রণোদিত হয়ে মামলাটির তদন্তভার গ্রহণ করে।
পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ১৭ ঘণ্টার মধ্যেই মামুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পিবিআই।
প্রতিনিধি/এজে




