নাটোরের লালপুরে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে পরিবহনের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাটি পরিবহনে ব্যবহৃত ছয়টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামের মো. মুন্না (২৬), মো. বকুল ইসলাম (৩৫), মো. সজল (২৬), মো. রিফাত (২২), মো. কলিন্স (২২) ও মো. জিসান (২৩) এবং লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া এলাকার মো. সাকিব (২২) ও তার বাবা মো. খেজের আলী (৫৬)।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লালপুর থানা পুলিশের একটি দল মঞ্জিলপুকুর এলাকায় অভিযান চালায়। এ সময় বটতলা মোড়ে ফসলি জমির মাটি বোঝাই কয়েকটি ড্রাম ট্রাকের চালক ও সহযোগীসহ ৮ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে মাটিভর্তি ছয়টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় শুক্রবার (২৮ আগস্ট) লালপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে একটি মামলা দায়ের করেছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ফসলি জমির উপরিভাগের মাটি কাটা এবং তা পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও হুমকির মুখে পড়ে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে




