শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ঢাকা

সমুদ্রে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর মিলল পর্যটকের মরদেহ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

সমুদ্রে নিখোঁজের ৩৯ ঘণ্টা পর মিলল পর্যটকের মরদেহ
নিহত পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খান। ছবি: ঢাকা মেইল

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)-এর মরদেহ সাড়ে ৩৯ ঘণ্টা পর মহেশখালীর সোনাদিয়া দ্বীপের একটি চর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে সোনাদিয়া দ্বীপের চরে মরদেহটি ভেসে আসে। পরে স্থানীয় গ্রাম পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে জেলা প্রশাসনের নিয়োজিত কর্মী মাহবুব আলম।

বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সমুদ্রসৈকতের জলতরঙ্গ পয়েন্টসংলগ্ন এলাকায় গোসলে নেমে সাগরের স্রোতে ভেসে যান দুই পর্যটক। পরে ইয়াছিন খান (২৫) নামে একজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম খান নিখোঁজ ছিলেন।

মাহবুব আলম জানান, ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছিলেন। বুধবার দুপুরে দলের কয়েকজন জলতরঙ্গ পয়েন্টের সামনে সাগরে গোসলে নামেন। একপর্যায়ে ইয়াছিন খান ও ইব্রাহিম খান স্রোতের টানে ভেসে যান। ইয়াছিনকে উদ্ধার করা সম্ভব হলেও ইব্রাহিম নিখোঁজ ছিলেন।

পরে নিখোঁজ ইব্রাহিমের সন্ধানে সৈকত ও আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা চালানো হয়। শুক্রবার সকালে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের চরে মরদেহ ভেসে আসার খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ তা উদ্ধার করে।

নিহত ইয়াছিন খান ও মোহাম্মদ ইব্রাহিম খান দুজনই আই জেট কেপি কোম্পানিতে কর্মরত ছিলেন।

মহেশখালী থানার ওসি আবদুস সুলতান জানান, উদ্ধার পর্যটকের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর