ঝিনাইদহের কালীগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ১৫-২০ জন নেতাকর্মী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। দুই-তিন মিনিট মেয়াদি এই মিছিল শেষে নেতাকর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
মিছিলে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ জেলা ও কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতারা।
মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জঙ্গিবাদের আস্তানা ‘জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও,’ এবং ‘আইতাছে রে আইতাছে, শেখ হাসিনা আইতাছে’সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রত্যাহারে দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের বিষয়টি শুনেছি। কারা কারা মিছিলে অংশগ্রহণ করেছে, তাদের বিষয়ে খোঁজ নিচ্ছি। তাদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
প্রতিনিধি/এলএ




